অবশেষে নিজের সার্জারি গুঞ্জন ও ট্রল নিয়ে মুখ খুলেছেন কেয়া পায়েল। সম্প্রতি এক সাক্ষাৎকারে সার্জারি প্রসঙ্গে প্রশ্ন করা হলে কেয়া পায়েল জানান, তিনি জন্মগতভাবেই সুন্দর এবং ছোটবেলা থেকেই নিজের সৌন্দর্য নিয়ে প্রশংসা শুনে বড় হয়েছেন।
এ বিষয়ে কেয়া পায়েল বলেন, কখনো আমার মধ্যে এমন কোনো উদ্দেশ্য ছিল না যে এক্সট্রা কিছু করে সৌন্দর্য বাড়াতে হবে। কারণ আমি যেমন আছি তেমনই খুশি।
বাইরের দেশের তারকারা এমন পরিবর্তন করলে সেটিকে গ্রুমিং বলা হয় অথচ দেশের শিল্পীদের ক্ষেত্রে ট্রল করা হয় কেন? এমন প্রশ্নের জবাবে দেশের মানুষের মানসিকতা নিয়ে আক্ষেপ প্রকাশ করেন এই অভিনেত্রী।
দেশের মানুষকে অতি আবেগী উল্লেখ করে তিনি বলেন, আমাদের দেশের মানুষ একটু অতি আবেগী। তারা না জেনে একজন বলা শুরু করলে অন্যরাও তাল মেলায়। তারা জানেও না কী হয়েছে। এমনকি আমার পাঁচ বছর আগের ছবি দেখেও এখন মন্তব্য করে। এই হুজুগে মানসিকতা আমাদের পুরো জাতির মধ্যেই রয়েছে।
রাস্তায় অকারণে ভিড় জমানোর উদাহরণ টেনে তিনি আরও বলেন, রাস্তায় কোনো ঘটনা ছাড়াই শুধু ভিড় দেখে মানুষ জড়ো হয়। সেখানে কী হচ্ছে তা না জেনেই মানুষ দাঁড়িয়ে যায়। এই মানসিকতা আসলে অনেক দিন ধরে প্র্যাকটিস হচ্ছে।






